নজরুল ইসলাম, যশোর প্রতিনিধি
বুধবার (১৫ জুলাই), দুপুর ১টা ৪৩ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
যশোরে ফেসবুকে আপত্তিকর পোস্টের প্রতিবাদ করায় উল্টো চাঁদাবাজি ও মারধরের মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ তুলেছেন দুই যুবক। বুধবার (১৫ জুলাই) দুপুরে প্রেসক্লাব যশোরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শহরের বেজপাড়া এলাকার ভুক্তভোগী আব্দুল মামুন ও কাজী আশরাফুল ইসলাম সুমন এই অভিযোগ করেন। তাদের দাবি, যশোর জজ কোর্টের আইনজীবী কাজী সাইফুল ইসলাম তুহিন পূর্ব শত্রুতার জেরে এই বানোয়াট মামলা দায়ের করেছেন।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা জানান, অ্যাডভোকেট কাজী সাইফুল ইসলাম তুহিনের মেয়ে মারিয়া মুনতাসারি গত ২৯ জুন থেকে ফেসবুকের বিভিন্ন গ্রুপে মামুন ও সুমনের পরিবারের ছবি দিয়ে অশ্লীল পোস্ট করতে থাকেন। বিষয়টি নিয়ে প্রতিবাদ করতে গেলে আইনজীবী তুহিন তাদের সাথে কথা না বলে উল্টো পুলিশ ডেকে বাসা থেকে বের করে দেন। কোনো সমাধান না পেয়ে ভুক্তভোগীরা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
ভুক্তভোগীদের অভিযোগ, জিডি করার কারণে ক্ষিপ্ত হয়ে আইনজীবী তুহিন গত ৮ জুলাই তাদের বিরুদ্ধে আদালতে চাঁদাবাজির মামলা করেন। মামলায় দাবি করা হয়, গত ৩০ জুন তারা ওই আইনজীবীর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন এবং ৬ জুলাই লোহার রড দিয়ে তাকে মারধর করেন।
ভুক্তভোগী আব্দুল মামুন ও কাজী আশরাফুল ইসলাম সুমন বলেন, “মামলায় যেসব অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ কাল্পনিক, অসত্য ও বানোয়াট। ওই আইনজীবী মিথ্যা তথ্য প্রকাশ করে এলাকায় আমাদেরকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করছেন, যাতে আমরা এলাকা ছেড়ে চলে যেতে বাধ্য হই।”
আমরা সমাজের কাছে এই মিথ্যাচারের তীব্র নিন্দা জানাই এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই হয়রানিমূলক মিথ্যা মামলা থেকে পরিত্রাণ ও জীবনের নিরাপত্তা দাবি করছি।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী দুই পরিবারের সদস্য ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। এ বিষয়ে অভিযুক্ত আইনজীবী কাজী সাইফুল ইসলাম তুহিনের বক্তব্য জানার চেষ্টা করা সম্ভব হয়নি।