মনির আহমদ আজাদ, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ এলাকায় সন্ধ্যা ঘনিয়ে গভীর রাত হওয়ার আগেই এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুর্বৃত্তরা একটি বসতবাড়ি থেকে প্রায় ৫ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ টাকা নিয়ে গেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
মঙ্গলবার (দিনগত রাত) আনুমানিক রাত ৯টার দিকে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের রাজমহল ক্লাব সংলগ্ন আমির খান চৌধুরী পাড়ায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ডাকাতচক্র বাড়ির সুযোগ বুঝে ভেতরে প্রবেশ করে আলমারি ও মূল্যবান জিনিসপত্র তছনছ করে। পরে তারা প্রায় ৫ ভরি স্বর্ণালঙ্কার এবং নগদ টাকা নিয়ে পালিয়ে যায়। ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, চুরি যাওয়া স্বর্ণ ও নগদ অর্থের পরিমাণ আরও যাচাই করা হচ্ছে।
ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। পরে বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করা হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।
এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা জানান, সাম্প্রতিক সময়ে চুরি-ছিনতাইয়ের ঘটনা বৃদ্ধি পাওয়ায় রাতের নিরাপত্তা জোরদার এবং দায়ীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তারা।
উল্লেখ্য, এ প্রতিবেদনে ডাকাদ দলের নিয়ে যাওয়া মালামালের পরিমাণ প্রাথমিক তথ্যের ভিত্তিতে উল্লেখ করা হয়েছে। তদন্ত শেষে প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত হওয়া যাবে।