চুয়াডাঙ্গা সংবাদদাতা।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
চুয়াডাঙ্গার দামুড়হুদা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ৭৬ লাখ টাকা মূল্যের ৮টি সোনার বারসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার দুপুরে মুন্সিপুর বিওপির সামনের সড়ক থেকে তাকে আটক করা হয়। আটক ব্যক্তি মো. মিজানুর রহমান (৬১), যিনি দামুড়হুদা উপজেলার পিরপুরকুল্লা গ্রামের বাসিন্দা।
বিজিবি জানিয়েছে, মুন্সিপুর সীমান্ত দিয়ে স্বর্ণের একটি চালান ভারতে পাচারের সম্ভাবনার বিষয়ে গোপন তথ্য পাওয়ার পর চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) পক্ষ থেকে বিশেষ টহলদল মোতায়েন করা হয়।
দুপুর সাড়ে ১১টার দিকে মিজানুর রহমান মোটরসাইকেলে করে ওই এলাকায় পৌঁছালে তাকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে তিনি কোমরে লুঙ্গির ভাঁজে সোনা বহনের কথা স্বীকার করেন। পরে তল্লাশি চালিয়ে টেপে মোড়ানো একটি প্যাকেট থেকে ৮টি সোনার বার উদ্ধার করা হয়।
এ সময় তার কাছ থেকে একটি বাটন মোবাইল ফোন এবং পাচারের কাজে ব্যবহৃত একটি ডায়াং (DY-50) মোটরসাইকেলও জব্দ করা হয়।
চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, আটক ব্যক্তি ও জব্দকৃত মালামাল দামুড়হুদা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। উদ্ধার করা সোনা সরকারি বিধি অনুযায়ী চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়া হবে।