খাদ্য নিরাপত্তা ও পুষ্টিমানে সহযোগিতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ সরকার। এই চুক্তির আওতায় আগামী পাঁচ বছর যুক্তরাষ্ট্র থেকে বছরে ৭ লাখ মেট্রিক টন গম আমদানি করবে বাংলাদেশ।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
রবিবার (২০ জুলাই) রাজধানীর খাদ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে এই সমঝোতা স্মারকে স্বাক্ষর হয়। বাংলাদেশ সরকারের পক্ষে এতে সই করেন খাদ্য অধিদফতরের মহাপরিচালক মো. আবুল হাছানাত হুমায়ুন কবীর এবং যুক্তরাষ্ট্রের পক্ষে ইউএস হুইট অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট জোসেফ কে সোয়ার।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাদ্য সচিব মো. মাসুদুল হাসান। উপস্থিত ছিলেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার, বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন, বাণিজ্য সচিবসহ দুই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার জানান, “এ চুক্তির মাধ্যমে বাংলাদেশ ও আমেরিকার মধ্যে পারস্পরিক আস্থা ও বাণিজ্য সহযোগিতার নতুন দ্বার খুলবে, যার সুফল পাবে উভয় দেশের জনগণ।”
খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রতিযোগিতামূলক মূল্যে এই গম আমদানির ফলে দেশের খাদ্য সরবরাহ ব্যবস্থা আরও শক্তিশালী হবে, যা সামগ্রিক খাদ্য নিরাপত্তা ও পুষ্টি নিশ্চিতকরণে সহায়ক ভূমিকা রাখবে।