প্রিন্স মন্ডল অলিফ, স্টাফ রিপোর্টার।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
বাগেরহাটের চিতলমারী উপজেলার নালুয়া বাজারের মেসার্স জয় ফিলিং স্টেশনে বৃহস্পতিবার (৯ এপ্রিল ২০২৬) সকাল সাড়ে ৮টা থেকে পেট্রোল বিক্রি শুরু হলে মোটরসাইকেল চালকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। পুলিশের উপস্থিতি ও ট্যাগ কর্মকর্তার তত্ত্বাবধানে নিয়ন্ত্রিতভাবে তেল বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।
প্রতি মোটরসাইকেলে ৪০০ টাকার পেট্রোল সরবরাহ করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। সকাল থেকেই অনেককে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে দেখা যায়। কেউ কেউ গুরুত্বপূর্ণ কাজ ও অফিস ফেলে তেল সংগ্রহ করতে আসেন।
স্থানীয় বাসিন্দা বাবুল বাড়ৈ বলেন, “ভোর ৬টা থেকেই লাইনে দাঁড়িয়ে আছি। দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে, তবুও নিশ্চিত নই তেল পাওয়া যাবে কি না।”
জিবিডি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বিকাশ বিশ্বাস বলেন, “পাশের উপজেলা মোল্লাহাটে একাধিক ফিলিং স্টেশন থাকলেও চিতলমারীতে মাত্র একটি পাম্প রয়েছে। ফলে এখানে সব সময় চাপ বেশি থাকে। তেলের সরবরাহ বাড়ানো জরুরি।”
শিক্ষক মো. আজম আলী বলেন, “সপ্তাহে মাত্র একদিন তেল দেওয়া হয়, যা চাহিদার তুলনায় খুবই কম। নিয়মিত সরবরাহ নিশ্চিত করা গেলে সাধারণ মানুষকে এত ভোগান্তিতে পড়তে হতো না।”
বেসরকারি চাকরিজীবী আলামিন হোসেন ও গুলজার শেখ বলেন, “দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। চাহিদা অনুযায়ী তেল সরবরাহ না থাকায় মানুষের দুর্ভোগ বাড়ছে।”
চিতলমারী থানার এসআই লিটন বিশ্বাস জানান, “শৃঙ্খলার মধ্যেই তেল বিতরণ চলছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।”
ট্যাগ কর্মকর্তা রিয়াজ উদ্দিন বলেন, “পাম্পে বর্তমানে প্রায় আড়াই হাজার লিটার পেট্রোল মজুদ রয়েছে। পর্যায়ক্রমে সবার মাঝে তেল বিতরণ করা হচ্ছে এবং কোনো ধরনের অনিয়মের সুযোগ নেই।”
স্থানীয়রা দ্রুত তেলের সরবরাহ বাড়ানোর দাবি জানিয়েছেন।