নিজস্ব প্রতিবেদক।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হাওরাঞ্চলের কৃষকদের আগামী তিন মাস সরকারি সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ক্ষতিগ্রস্তদের শনাক্ত করে দ্রুত সহায়তার আওতায় আনা হবে।
বুধবার সকালে জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা জানান।
প্রশ্নে কলিম উদ্দিন আহমেদ বলেন, টানা ভারী বৃষ্টিতে সুনামগঞ্জসহ হাওরাঞ্চল প্লাবিত হয়েছে এবং কৃষকরা কষ্ট করে মাঠে নেমে ধান কাটছেন। এ পরিস্থিতিতে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
জবাবে প্রধানমন্ত্রী বলেন, আবহাওয়ার পূর্বাভাসের ভিত্তিতে তিন দিন আগেই হাওর অঞ্চলের তিনটি জেলার স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে নির্দেশনা দেওয়া হয়েছিল। তিনি জানান, পরিস্থিতির ওপর নজর রেখে আগাম পদক্ষেপ নেওয়ার চেষ্টা করা হয়েছে।
হাওরাঞ্চলের কৃষকদের ক্ষতির বিষয়টিকে ‘বেদনাদায়ক’ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সংসদ অধিবেশন শুরুর আগেই তিনি দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। সংশ্লিষ্ট এলাকায় ক্ষয়ক্ষতির বিষয়টি বিবেচনায় নিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, সুনামগঞ্জসহ হাওর এলাকার তিনটি জেলা এবং ময়মনসিংহের কিছু অঞ্চল প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব এলাকার ক্ষতিগ্রস্ত কৃষকদের চিহ্নিত করে আগামী তিন মাস সহায়তা দেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।