নিজস্ব প্রতিনিধি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
সাতক্ষীরার শ্যামনগরে জাইকার অর্থায়নে পানি উন্নয়ন বোর্ডের চলমান বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধ নির্মাণ প্রকল্পে চাঁদাবাজি ও হামলার অভিযোগে দায়ের করা মামলায় আব্দুর রহমান নামের এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২৭ মে) শ্যামনগর থানা পুলিশ গ্রেফতারকৃত আসামিকে সাতক্ষীরা কারাগারে পাঠিয়েছেন। এর আগে মঙ্গলবার রাতে তাকে বুড়িগোয়ালিনীর দুর্গাবাটি এলাকায় জাইকার অর্থায়নে পানি উন্নয়ন বোর্ডের চলমান বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধ নির্মাণ প্রকল্পে চাঁদাবাজি ও হামলা মামলায় পুলিশ গ্রেপ্তার করে।
গ্রেফতারকৃত আব্দুর রহমান বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও শ্যামনগর উপজেলা জামায়াতের কর্ম পরিষদ ও সুরা সদস্য হাজী মোঃ নজরুল ইসলামের ছেলে। তিনি ওই মামলার ২ নম্বর আসামি।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৪ মে রাতে প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠান আর-রাদ করপোরেশনের আইন কর্মকর্তা মোঃ জালাল উদ্দিন বাদী হয়ে শ্যামনগর থানায় মামলাটি দায়ের করেন। মামলায় জামায়াত নেতা ইউপি চেয়ারম্যান হাজী মোঃ নজরুল ইসলাম, তার ছেলে আব্দুর রহমানসহ ২৫ জনকে আসামি করা হয়।
মামলায় অভিযোগ করা হয়েছে, অভিযুক্তরা জাইকার অর্থায়নে চলমান বেড়িবাঁধ নির্মাণ প্রকল্পে চাঁদা দাবি, হামলা, মারধর ও কাজ বন্ধ করে দেওয়ার চেষ্টা করেন। ওই ঘটনায় প্রকল্পের প্রকৌশলী জাহিদ হাসান ও কর্মচারী ফেরদৌস আহত হন।
গ্রেপ্তারের বিষয়ে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, মামলার ২ নম্বর আসামি আব্দুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।