দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
পঞ্চগড় জেলা প্রতিনিধি
পঞ্চগড়ের বোদা উপজেলায় ইয়াবা সেবনের দায়ে ময়দানদিঘী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মামুন হাসানসহ তিনজনকে এক বছর করে কারাদণ্ড ও সাত হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রবিউল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন। এ সময় বোদা থানা পুলিশের একটি দল উপস্থিত ছিল।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বোদা থানার এসআই তহিদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল ময়দানদিঘী ইউনিয়নের রহমতপুর গ্রামে রশিদুল ইসলামের বাড়িতে অভিযান চালায়। অভিযানের সময় ইয়াবা সেবনরত অবস্থায় রশিদুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মামুন হাসান এবং বেংহারী ইউনিয়নের তেপুকুরিয়া গ্রামের বাসিন্দা বিষ্ণুকে হাতেনাতে আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে দুই পিস ইয়াবা ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।পরে ভ্রাম্যমাণ আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬ ধারা অনুযায়ী তিনজনকে প্রত্যেককে এক বছর করে কারাদণ্ড ও সাত হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
বোদা থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়েছে। আদালতের রায় কার্যকর শেষে দণ্ডপ্রাপ্তদের পঞ্চগড় জেলা কারাগারে পাঠানো হয়েছে।