নিজস্ব প্রতিবেদক।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
রাজশাহীর সাহেব বাজার এলাকায় একটি বেকারি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ১২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বিএসটিআইয়ের গুণগত মানসনদ ছাড়া বিস্কুট, পাউরুটি ও কেক উৎপাদন এবং পণ্যের মোড়কে প্রয়োজনীয় তথ্য না থাকায় এ জরিমানা করা হয়।
সোমবার সকাল ১১টার দিকে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) বিভাগীয় কার্যালয়, রাজশাহীর উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে নগরীর পিওর লাইভ ফুড বেকারী অ্যান্ড পেস্ট্রি প্রতিষ্ঠানকে দণ্ড দেওয়া হয়।
বিএসটিআই জানায়, প্রতিষ্ঠানটি মানসনদ গ্রহণ ছাড়াই খাদ্যপণ্য উৎপাদন ও বাজারজাত করছিল। এছাড়া পণ্যের মোড়কে উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ, ওজন, মূল্য এবং প্রতিষ্ঠানের নাম-ঠিকানাসহ প্রয়োজনীয় তথ্য উল্লেখ করা হয়নি।
রাজশাহী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বোরহান উদ্দিন অন্তরের নেতৃত্বে পরিচালিত অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআইয়ের সার্টিফিকেশন মার্কস উইংয়ের কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ। এ সময় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদস্যরাও উপস্থিত ছিলেন।
বিএসটিআই জানিয়েছে, ভেজাল প্রতিরোধ এবং মানসম্মত খাদ্যপণ্য সরবরাহ নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।