নিউজ ডেস্ক।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
জাপানের উত্তর উপকূলের কাছে বৃহস্পতিবার ৭.২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এ ঘটনায় সুনামির কোনো ঝুঁকি নেই এবং তাৎক্ষণিকভাবে হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
জাপান আবহাওয়া সংস্থা (জেএমএ) জানিয়েছে, ভূমিকম্পটি ইওয়াতে প্রিফেকচারের পূর্ব উপকূলের কাছে আঘাত হানে। প্রাথমিকভাবে এর মাত্রা ৬.৯ নির্ধারণ করা হলেও পরে তা সংশোধন করে ৭.২ করা হয়। সংস্থাটির তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ৫০ কিলোমিটার গভীরে। তবে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এর মাত্রা ৬.৯ বলে উল্লেখ করেছে।
বৃহস্পতিবার সকালের ব্যস্ত সময়ে আঘাত হানা এ ভূমিকম্পের কম্পন রাজধানী টোকিওতেও অনুভূত হয়। সরকারের শীর্ষ মুখপাত্র মিনোরু কিহারা জানিয়েছেন, এখন পর্যন্ত কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের তথ্য পাওয়া যায়নি।
প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি বলেছেন, পরিস্থিতি মূল্যায়নের পাশাপাশি সম্ভাব্য ত্রাণ কার্যক্রমের প্রস্তুতি নেওয়া হচ্ছে। তিনি ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দাদের সম্ভাব্য আফটারশক সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানান।
এদিকে নিরাপত্তার স্বার্থে উত্তর-পূর্বাঞ্চলের কিছু বুলেট ট্রেন ও স্থানীয় রেলসেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা রেলপথ ও অবকাঠামোর নিরাপত্তা পরীক্ষা চালিয়ে যাচ্ছেন।
ভূমিকম্পের কারণে আওমোরি প্রিফেকচারের একটি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে দিনের সব ক্লাস বাতিল করে শিক্ষার্থীদের নিরাপদে বাড়ি পাঠানো হয়।