রায়পুরা সংবাদদাতা।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
লক্ষ্মীপুরের রায়পুরে ভাড়া বাসায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার একই পরিবারের চার সদস্যের জানাজা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে পৌরসভার ধানহাটা এলাকায় জানাজা শেষে মরদেহগুলো কুমিল্লার হোমনা উপজেলার গ্রামের বাড়িতে দাফনের জন্য নেওয়া হয়।
জানাজার আগে নিহত শাহিনুর বেগমের একমাত্র জীবিত সন্তান জুনায়েদ ইসলাম শিফাত মায়ের ও তিন বোনের অভিভাবক হিসেবে বক্তব্য দেন। তিনি হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করে বলেন, অভিযুক্ত অন্তর মজুমদার ছাড়াও এ ঘটনায় অন্য কেউ জড়িত থাকলে তাদেরও দ্রুত গ্রেপ্তার করতে হবে।
জানাজায় স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ প্রায় দেড় হাজার মানুষ অংশ নেন। এর আগে শুক্রবার দুপুরে ময়নাতদন্ত শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
এদিকে আলোচিত এ হত্যাকাণ্ডের তদন্ত করছে পুলিশ, সিআইডি ও র্যাব। বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম বিভাগের ডিআইজি মো. মনিরুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ ঘটনায় রায়পুর থানায় দুটি মামলা হয়েছে। নিহত শাহিনুর বেগমের ছেলে শিফাত অন্তর মজুমদারসহ অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেছেন। এছাড়া অভিযুক্ত অন্তর মজুমদারকে উদ্ধার করতে গিয়ে সাত পুলিশ সদস্য আহত হওয়ার ঘটনায় পুলিশ পৃথক আরেকটি মামলা করেছে।
পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্তের মাধ্যমে ঘটনার রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।