খুলনা প্রতিনিধি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
খুলনার দুর্ধর্ষ ডাকাত দল ‘খবির বাহিনী’র প্রধান খবির মোল্লা (৪৭)কে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করেছে র্যাব-৬। বুধবার (৮ জুলাই) বিকেলে খুলনার দিঘলিয়া থানার গাজীরহাট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
র্যাব-৬ জানিয়েছে, অভিযানের সময় খবির মোল্লার কাছ থেকে একটি ওয়ান শুটার গান, দুই রাউন্ড তাজা গুলি এবং একটি চায়নিজ কুড়াল উদ্ধার করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে সেগুলো জব্দ করা হয়।
র্যাব-৬-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নিস্তার আহমেদ বলেন, খবির মোল্লা দিঘলিয়া উপজেলার জঙ্গুশিয়া গ্রামের বাসিন্দা এবং তিনি একজন পেশাদার ডাকাত ও অস্ত্রধারী সন্ত্রাসী। তার বিরুদ্ধে খুলনা ও নড়াইল জেলার বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র ও ডাকাতিসহ মোট ১৩টি মামলা রয়েছে।
র্যাব জানায়, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য অস্ত্র আইনে মামলা করে উদ্ধার করা আলামতসহ খবির মোল্লাকে দিঘলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।