নজরুল ইসলাম, যশোর প্রতিনিধি
বুধবার (১৫ জুলাই), ২০২৬ | দুপুর ২টা ৫ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
যশোরের শার্শা উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ৩০ বোতল নেশাজাতীয় সিরাপসহ আশা (৪২) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। বুধবার (১৫ জুলাই) রাতে শার্শা থানা পুলিশ এ তথ্য নিশ্চিত করে। আটক আশার বাড়ি শার্শা উপজেলার দক্ষিণ বুরুজবাগান গ্রামে এবং তিনি ওই এলাকার আবুল কাশেমের ছেলে।
পুলিশ জানায়, শার্শা উপজেলার শ্যামলাগাছি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে মাদক কারবারির অবস্থানের তথ্য পাওয়া যায়। এই তথ্যের ভিত্তিতে পুলিশ শ্যামলাগাছি গ্রামের ‘বেস্ট এগ্রো ফুড অটো রাইস মিল’ থেকে ২০০ মিটার পূর্ব দিকে বেনাপোল-যশোরগামী পাকা রাস্তায় অভিযান চালায়।
অভিযানকালে ৩০ বোতল নেশাজাতীয় সিরাপসহ আশাকে হাতেনাতে আটক করে পুলিশ। আটকের পর তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক বলেন, “আটক আসামির বিরুদ্ধে শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত মাদক কারবারিকে বিজ্ঞ আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।”