মনির আহমদ আজাদ, লোহাগাড়া (চট্টগ্রাম)
শুক্রবার (২৪ জুলাই), সন্ধ্যা ৬টা ২৬ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার সুখছড়িকুল সড়কে খালের তীর ভাঙনের কারণে সৃষ্টি হয়েছে মারাত্মক ঝুঁকি। বর্ষা মৌসুমে পানির প্রবল স্রোতে সড়কের বিভিন্ন অংশ বিলীন হয়ে যাওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ বাড়ছে। এ অবস্থায় সড়কটি স্থায়ীভাবে সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
সরেজমিনে দেখা যায়, খালের তীর ঘেঁষে নির্মিত সড়কের একাধিক স্থানে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। কোথাও কোথাও মাটি ধসে সড়কের পাশের অংশ বিলীন হয়ে গেছে এবং খালের কিনারায় অবস্থিত বসতঘরগুলো হুমকির মুখে পড়েছে। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে আগামী বর্ষায় সড়কের আরও বড় অংশ খালের গর্ভে বিলীন হতে পারে।
স্থানীয় বাসিন্দারা জানান, অতীতে কয়েক দফা অস্থায়ীভাবে সংস্কার করা হলেও বর্ষা এলেই একই স্থানে ভাঙন শুরু হয়। সরকারি অর্থ ব্যয়ের পরও সমস্যার স্থায়ী সমাধান হচ্ছে না। তাদের দাবি, শুধু মাটি ফেলে সাময়িক মেরামত নয়, খালের তীর সংরক্ষণে প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণের পাশাপাশি সড়কটি টেকসইভাবে পুনর্নির্মাণ করতে হবে।
পানি উন্নয়ন বোর্ডের পরিদর্শন
শুক্রবার (২৪ জুলাই) পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা ভাঙনকবলিত এলাকা সরেজমিন পরিদর্শন করেন। পরিদর্শনকালে তারা ভাঙনের প্রকৃতি পর্যবেক্ষণ করেন এবং প্রয়োজনীয় প্রকল্প গ্রহণ ও করণীয় বিষয়ে স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা সমস্যার স্থায়ী সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।