নিউজ ডেস্ক
১০ সেপ্টেম্বর ২০২৬, রাত ৯টা ১৪ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
চীনের পূর্বাঞ্চলীয় কিংদাও বন্দরে নোঙ্গর করা একটি বিদেশি পতাকাবাহী কার্গো জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনায় ২৫ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল ১১টা ১৫ মিনিটে রক্ষণাবেক্ষণের সময় জাহাজটিতে আগুনের সূত্রপাত হয়। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভির তথ্য অনুযায়ী, অগ্নিকাণ্ডের সময় জাহাজটিতে ৪২ জন আরোহী ছিলেন, যার মধ্যে ১৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
সিনহুয়া জানায়, দুপুরের দিকে জাহাজের আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। উদ্ধারকৃতদের মধ্যে পাঁচজন আহত অবস্থায় রয়েছেন। ঘটনার পর উদ্ধারকারী কর্মকর্তারা জাহাজের ভেতরে তল্লাশি চালান এবং জেটিতে বেশ কয়েকটি ফায়ার ট্রাক ও অ্যাম্বুলেন্স মোতায়েন করা হয়।
জাহাজ ট্র্যাকিং ওয়েবসাইট ‘মেরিনট্রাফিক’-এর তথ্য অনুযায়ী, ১৯০ মিটার দীর্ঘ ‘ওশান মেলোডি’ নামের জাহাজটি লাইবেরিয়ার পতাকাবাহী একটি বাল্ক ক্যারিয়ার। কিংদাও বেইহাই শিপবিল্ডিং ইয়ার্ডে রক্ষণাবেক্ষণের সময় এই দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে আগুনের কারণ সম্পর্কে কিছু জানা যায়নি।
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এই ঘটনায় কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। তিনি সংশ্লিষ্ট বিভাগগুলোকে এই দুর্ঘটনা থেকে শিক্ষা গ্রহণ এবং সব ধরনের অগ্নিঝুঁকি পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত ও সংশোধন করার আহ্বান জানিয়েছেন।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে চীনে বেশ কয়েকটি বড় ধরনের শিল্প দুর্ঘটনা ঘটেছে। এর আগে আগস্ট মাসে ফুজিয়ান প্রদেশের একটি শিপইয়ার্ডে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে এক ফায়ার সার্ভিস কর্মী নিহত হন। এছাড়া চলতি বছরের মে মাসে মধ্য চীনে একটি বাজি কারখানায় বিস্ফোরণে ৩৭ জন নিহত হওয়ার ঘটনা ঘটে।