ভোলা প্রতিনিধি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
ভোলার মেঘনা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে বিরল আকৃতির একটি রাজা ইলিশ, যার ওজন ২ কেজি ৭০ গ্রাম। বৃহস্পতিবার দুপুরে ভোলা সদর উপজেলার ধনিয়া তুলাতুলি মাছঘাটে এই ইলিশটি নিলামে তোলা হলে ৬ হাজার ৪৮০ টাকায় বিক্রি হয়।
মৎস্য ব্যবসায়ী ও আড়তদার মো. কামাল হোসেন সর্বোচ্চ ডাক দিয়ে মাছটি কিনে নেন। তিনি জানান, মাছঘাটে দেড় হাজার টাকা থেকে নিলাম শুরু হয় এবং শেষ পর্যন্ত সেটি ৬ হাজার ৪৮০ টাকায় গিয়ে থামে। বরিশালের আড়তে এই ইলিশ আরও বেশি দামে বিক্রির আশা করছেন তিনি।
এই রাজা ইলিশ ধরা পড়ে দৌলতখান উপজেলার মদনপুর ইউনিয়নের জেলে মো. তছির মাঝির জালে। এরপর দুপুর ২টার দিকে তিনি মাছটি তুলাতুলি মাছঘাটে নিয়ে আসেন।
মো. কামাল হোসেন জানান, ২ কেজির বেশি ওজনের ইলিশকে সাধারণত ‘রাজা ইলিশ’ বলা হয়। এমন ইলিশ বাজারে সচরাচর পাওয়া যায় না।
ভোলা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব বলেন, সাম্প্রতিক সময়ে ইলিশ ধরার নিষেধাজ্ঞা এবং কারেন্ট জাল ধ্বংস অভিযান জোরদার থাকায় বড় সাইজের ইলিশ পাওয়া যাচ্ছে। এসব কার্যক্রম ভবিষ্যতেও চলবে বলে জানান তিনি।