যশোর প্রতিনিধি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
বাংলাদেশে আগামী ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা নিশ্চিত করতে বেনাপোল বন্দর দিয়ে ভারতের সাথে টানা তিন দিন আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সাথে ভোটের দিন এই সীমান্ত দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপারও সাময়িকভাবে স্থগিত থাকবে।
মঙ্গলবার রাতে বেনাপোল বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, সরকারের উচ্চপর্যায়ের নির্দেশনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত দুই দেশের মধ্যে বাণিজ্যিক ট্রাক চলাচল বন্ধ থাকবে।
বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন জানিয়েছে, বুধবার (১১ ফেব্রুয়ারি) ও বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) নির্বাচনের কারণে এবং শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সাপ্তাহিক ছুটি থাকায় টানা তিন দিন কোনো পণ্যবাহী ট্রাক বন্দরে প্রবেশ করবে না। আমদানি-রপ্তানি কার্যক্রম পুনরায় শুরু হবে আগামী শনিবার (১৪ ফেব্রুয়ারি) থেকে।
অন্যদিকে, ১২ই ফেব্রুয়ারি ভোটের দিন সাধারণ যাত্রী যাতায়াতও বন্ধ রাখা হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক চিঠিতে এই নিষেধাজ্ঞার কথা জানানো হয়েছে। বন্দর ও ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, ১৩ই ফেব্রুয়ারি সকাল ৬টার পর থেকে যাত্রীরা আবারও দুই দেশের মধ্যে যাতায়াত করতে পারবেন।
বেনাপোল বন্দর পরিচালক শামিম হোসেন জানিয়েছেন, ভোটের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে এমন সব ধরণের ঝুঁকি এড়াতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। বেনাপোল ছাড়াও দেশের অন্যান্য স্থলবন্দরগুলোতেও একই ধরণের নির্দেশনা কার্যকর হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
দেশের বৃহত্তম এই স্থলবন্দর দিয়ে বাণিজ্য ও যাত্রী চলাচল বন্ধ থাকার ফলে ভারতের পেট্রাপোল সীমান্তেও এর প্রভাব পড়বে। মূলত নির্বাচনকে ঘিরে সীমান্ত এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা বজায় রাখতেই এই পদক্ষেপ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।