জেলা প্রতিনিধি, যশোর
রবিবার (২৯ নভেম্বর) ২০২৬, সকাল ৯টা ৩৯ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
যশোর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ১১টি পদের মধ্যে নয়টিতে বিএনপি-সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। সভাপতি, সাধারণ সম্পাদক ও যুগ্ম সম্পাদকসহ গুরুত্বপূর্ণ পদগুলোতে জয় পেয়েছেন এই প্যানেলের প্রার্থীরা। বাকি দুটি পদের একটিতে জামায়াত এবং অন্যটিতে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী নির্বাচিত হয়েছেন।
শনিবার (২৮ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনের চেয়ারম্যান মোহসীন আলী। এর আগে সমিতির বার্ষিক নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। ১১টি পদের মধ্যে ১০টিতে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে এবং গ্রন্থাগার সম্পাদক পদে একজন প্রার্থী থাকায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, সভাপতি পদে সৈয়দ এ এইচ সাবেরুল হক সাবু ৪৩০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. ইসমত হাসার পেয়েছেন ১৩১ ভোট। সাধারণ সম্পাদক পদে মো. নূর আলম পান্না ২২৩ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. মোস্তফা হুমায়ুন কবির মোল্যা পেয়েছেন ১৩৯ ভোট।
সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন দুজন। সৈয়দ রুহুল কুদ্দুস কচি ২৭৭ ভোট পেয়ে প্রথম এবং মো. মাহবুবুর রহমান ২১৭ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন। যুগ্ম সম্পাদক পদে মো. তাহমিদ আকাশ ২০৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সহকারী সম্পাদক পদে মো. গোলাম মোস্তফা ৩২২ ভোট এবং সিরাজুল ইসলাম ২৯৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে মো. মুস্তাকিম মোস্তফা খান ৩৪০ ভোট পেয়ে জয়ী হয়েছেন। এছাড়া কার্যকরী সংসদের দুটি সদস্যপদে শামস ইমরান ৩৯২ ভোট এবং সুদীপ্ত কুমার ২০৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
নির্বাচন কমিশনের চেয়ারম্যান মোহসীন আলী বলেন, “সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। ভোট গণনা শেষে আমরা আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেছি।”
জামায়াত সমর্থিত গোলাম মোস্তফা সুমন সহকারী সম্পাদক পদে এবং আওয়ামী লীগ সমর্থিত মাহবুবুর রহমান সহসভাপতি পদে জয়লাভ করেছেন। এছাড়া গ্রন্থাগার সম্পাদক পদে মো. কামরুল হাসান সোহেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।