ফরিদ আহমেদ, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
রবিবার (২৯ নভেম্বর) ২০২৬
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পূর্বাঞ্চলের ছয়টি ইউনিয়ন নিয়ে নূরনগর নামে নতুন উপজেলা গঠন এবং শিবপুরের সুর সম্রাট আলাউদ্দিন খাঁ ডিগ্রি কলেজ সরকারিকরণের দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী। রবিবার (২৯ নভেম্বর) কলেজ প্রাঙ্গণে আয়োজিত এক সচেতনতামূলক সভায় বক্তারা এই দাবি উত্থাপন করেন।
শিক্ষার মানোন্নয়ন, মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন কলেজ গভর্নিং বডির সভাপতি মোজাম্মেল হক মাসুম। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আব্দুল মান্নান।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে মাদকমুক্ত সমাজ ও কিশোর গ্যাংমুক্ত শিক্ষাঙ্গন গড়ে তুলতে পরিবার, শিক্ষক, অভিভাবক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। তিনি এলাকাবাসীর উত্থাপিত দুটি দাবির প্রতি সমর্থন জানিয়ে সেগুলো দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়জুল কবির ও সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান রিফাত। বক্তারা মাদক ও কিশোর অপরাধ প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
সভা শেষে সদ্যপ্রয়াত উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজুর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।