নিউজ ডেস্ক
শুক্রবার (১১ সেপ্টেম্বর ২০২৬), বিকেল ৩টা ৫৫ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বিপৎসীমা অতিক্রম করায় আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বাঁধের স্পিলওয়ের ১৬টি জলকপাট খুলে দেওয়া হয়েছে। আজ শুক্রবার সকাল ৮টা থেকে প্রতিটি জলকপাট ৬ ইঞ্চি করে খুলে পানি নিষ্কাশন শুরু করে কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কর্তৃপক্ষ। হ্রদের পানির উচ্চতা ১০৫ ফুটে নেমে এলে জলকপাটগুলো বন্ধ করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট প্রকৌশলীরা।
কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান বলেন, বর্তমানে হ্রদে পানির উচ্চতা ১০৫.৫১ ফুট। হ্রদের পানি দ্রুত বৃদ্ধি পাওয়ায় এবং জেলার বিভিন্ন স্থানে বাড়িঘর তলিয়ে যাওয়াসহ ভাঙন দেখা দেওয়ায় পানি নিষ্কাশনের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে গত ২৯ আগস্ট হ্রদের পানির উচ্চতা ১০৬.০১ ফুট এমএসএল-এ পৌঁছালে ১৬টি জলকপাট ৬ ইঞ্চি করে খোলা হয়েছিল। তখন পরিস্থিতি বিবেচনায় জলকপাটের খোলার পরিমাণ পর্যায়ক্রমে ৩ ফুট পর্যন্ত বাড়ানো হয়, যার মাধ্যমে প্রায় ৫৮ হাজার কিউসেক পানি নিষ্কাশিত হয়েছিল। পরবর্তীতে পানির উচ্চতা কমে আসায় গেটগুলো বন্ধ করে দেওয়া হয়।
কাপ্তাই হ্রদের সর্বোচ্চ পানি ধারণক্ষমতা ১০৯ ফুট এমএসএল। তাই হ্রদের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং বড় ধরনের ঝুঁকি এড়াতে কর্তৃপক্ষ পানি নিষ্কাশন প্রক্রিয়া অব্যাহত রেখেছে।