BSTI Press Release
রবিবার (২০ সেপ্টেম্বর ২০২৬), দুপুর ২টা ৫৫ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
রাজশাহী মহানগরীর বিসিক শিল্প নগরী এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে জন্মদিনের কেক তৈরির দায়ে ‘মায়ের দোয়া বেকারি’কে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর অনুমোদন ও গুণগত মানসনদ ছাড়াই প্রতিষ্ঠানটি নন-ফুডগ্রেড উপাদান ব্যবহার করে কেক উৎপাদন ও বাজারজাত করে আসছিল।
রবিবার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন রাজশাহী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শাহরিয়ার ইসলাম নাসিফ। এ সময় বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রাজশাহীর সার্টিফিকেশন মার্কস উইংয়ের কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন।
অভিযান সংশ্লিষ্টরা জানান, মায়ের দোয়া বেকারি বিএসটিআইয়ের কোনো প্রকার অনুমোদন গ্রহণ করেনি। এছাড়া অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে তারা ডেকোরেটেড কেক তৈরি করে আসছিল, যা জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ।
বিএসটিআই রাজশাহীর পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে ভেজাল প্রতিরোধ এবং গুণগত মানসম্পন্ন খাদ্যপণ্য সরবরাহ নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। অভিযানে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদস্যরা সহায়তা করেন।