নিউজ ডেস্ক
২৯ নভেম্বর ২০২৬, সকাল ১০:৩৪ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
মালয়েশিয়ার অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতির কারণে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের নির্ধারিত ঢাকা সফর স্থগিত করা হয়েছে। আগামী ৭ ও ৮ ডিসেম্বর দুই দিনের সরকারি সফরে তার ঢাকায় আসার কথা ছিল। সফর স্থগিতের পাশাপাশি থাইল্যান্ড সফরের পরিকল্পনাও বাতিল করেছেন তিনি।
শনিবার (২৮ নভেম্বর) মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করা হয়। কুয়ালামপুর থেকে কূটনৈতিক সূত্রে জানা গেছে, সফর স্থগিতের বিষয়ে শুক্রবার বাংলাদেশের কাছে কূটনৈতিক পত্র পাঠায় মালয়েশিয়া। চিঠিতে জানানো হয়, সফরের নতুন দিনক্ষণের বিষয়ে বাংলাদেশকে পরে অবহিত করা হবে।
নির্ধারিত সফরে ৭ ডিসেম্বর ঢাকায় পৌঁছে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করার কথা ছিল আনোয়ার ইব্রাহিমের। বৈঠকে অভিবাসী কর্মী নিয়োগ ও কল্যাণ, বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি এবং প্রতিরক্ষা সহযোগিতার বিষয়গুলো আলোচনায় আসার কথা ছিল। গত ২২ নভেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে সফরের তারিখ নিশ্চিত করা হয়েছিল।
এর আগে ২০২৪ সালের ৪ অক্টোবর বাংলাদেশ সফরে আসেন আনোয়ার ইব্রাহিম। ওই সময় তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। এছাড়া গত জুন মাসে প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়া সফর করেন, যা ছিল দায়িত্ব গ্রহণের পর তার প্রথম সরকারি বিদেশ সফর।